ডুয়ার্সের অ্যামাজন - প্রবীর দত্ত।
ডুয়ার্সের অ্যামাজন -প্রবীর দত্ত।
নৈসর্গিক মাধুরী সম্পৃক্ত ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার নানা ভাষা- নানা ধর্মের এক অনন্য মিশেল। এরই মাঝে এক চিরহরিৎ অরণ্য “সিকিয়া ঝোরা” ডুয়ার্সের অ্যামাজন। আলিপুরদুয়ার শহর থেকে প্রায় ১৪ কিমি দূরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতরে নদীবেষ্টিত উত্তর পানিয়ালগুড়ি সিকিয়াঝোরা। জঙ্গলে ঘেরা প্রাকৃতিক পরিবেশের জন্য অনেকে একে মিনি সুন্দরবন বলে ডাকা শুরু করেছে। আলিপুরদুয়ার সদর থেকে সিকিয়াঝোরার দূরত্ব ১৯ কিলোমিটার এবং জয়ন্তী পাহাড় থেকে এটি ২৫কিমি দূরে রয়েছে এই স্বপ্নমেদুর গ্রাম। এই সবুজ দেশে কোথাও গভীর অরণ্যের মাঝে, কোথাও পাহাড়ের পাদদেশে, কোথাও আবার তন্বী স্রোতস্বিনী তীরে আছে ছবির মতো সরকারি ও বেসরকারি আবাস। সিকিয়াঝোরা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি।
এখানে রাত্রি বাস করলে নিকেষ কালো আঁধারে জোনাক আলোর আঁকিবুকি আপনার মন কেড়ে নেবে। সারাটা দিন কাটালে হৃদয় ভরে ওঠে অনাবিল আনন্দে। এখানে গভীর অরণ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীতে গা ছমছমে নৌকা- ভ্রমণ খুবই আকর্ষণীয়। টলটলে জল ও সবুজে শ্যামল অরণ্যে বোটিং করার রোমাঞ্চই আলাদা। সাপের মতো একে বেঁকে রাস্তা গেছে নিচে থেকে উপরে। আবার উপর থেকে চুপচাপ নীচে নেমে গেছে কোথাও। দু’পাশে অসংখ্য নাম জানা, না জানা বৃক্ষরাজির নীরব আমন্ত্রণ। হরেকপাখির ওড়াওড়ি, মিষ্টিমাখা কলেরব। এক একটা বাঁকে, এই বুঝি ‘গণেশ বাবা’ হাজির হলো! শীতের হিমেল সকাল- সাঁঝে কয়েক ধরনের পরিযায়ী পাখিরও দেখা মেলে। মাঝে মাঝে দেখা দেয় হরিণ। হরেক ধরনের প্রজাপতি আপনার কাছে নানা রঙের পসরা নিয়ে হাজির। পতঙ্গপ্রেমীদের কাছে এ যেন এক "হীরের খাদান"। মাঝে মাঝে হিংস্র পশুর গর্জন। ভাগ্য সুপ্রসন্ন হলে বাঘ মামারও দেখা মেলে। অজস্র নালা নদী ও ঝোরার চঞ্চল স্নিগ্ধতা। অরণ্য- প্রকৃতি- পশু- পাখি- মানুষ মিলেমিশে একাকার। প্রকৃতিপ্রেমিকদের অ্যামাজন জঙ্গলের কথা মনে করিয়ে দেবে। অপরূপ রূপের ভান্ডার এই নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রহস্যময়ী বৈচিত্রের লীলাভূমি ডুয়ার্সের সিকিয়াঝোরা। ভারতের মুক্তি আন্দোলনের পবিত্র ভূমি বিপ্লবতীর্থ বক্সা দূর্গ কয়েক ক্রোশ দূরে। দিন শেষে পড়ন্ত বিকালে সিকিয়াঝোরা আপনাকে ডেকে নিয়ে যাবে এক 'সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় . . .'।
প্রবীর দত্ত (কাঁকন) পেশায় শিক্ষক। শিক্ষারত্ন সম্মান প্রাপ্ত। মূলতঃ ক্রীড়া সংগঠক হলেও; বহুরকম সামাজিক কর্মকান্ডে তিনি সংপৃক্ত। জাতীয় ও প্রাদেশিকস্তরের বহু পুরস্কার তাঁর ঝুলিতে রয়েছে। বুকের গভীরে রয়েছে এক স্বপ্নচাষা মন।


No comments